Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 06 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয়

📅 06 November 2026, 10:21 PM | 👁️ পঠিত: 2 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
স্টুডেন্ট মেধাবৃত্তি পরিদর্শনে ইশতিয়াক সিদ্দিকী মেধা অন্বেষণে এ ধরনের প্রতিযোগিতা প্রশংসনীয়

সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী বলেছেন, “কোমলমতি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মেধা বিকাশের মাধ্যমেই একটি উন্নত সমাজ ও সমৃদ্ধ দেশের ভিত্তি রচিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের মেধা পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে অনন্য ভূমিকা পালন করে। সিলেট অঞ্চলে বেসরকারি বৃত্তি জগতে আলোড়ন সৃষ্টিকারী ‘স্টুডেন্ট মেধাবৃত্তি’র ১৯তম আসরের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকের এই খুদে শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির কান্ডারী হবে। তাই শৈশব থেকেই তাদের সঠিক পরিচর্যা ও উৎসাহ দেওয়া আমাদের সকলের দায়িত্ব। বেসরকারি পর্যায়ে দীর্ঘ ১৯ বছর ধরে স্টুডেন্ট ফাউন্ডেশন যেভাবে মেধা অন্বেষণে নিরলস কাজ করে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।সিলেট অঞ্চলে বেসরকারি বৃত্তি জগতে আলোকবর্তিকা হয়ে ওঠা ‘স্টুডেন্ট মেধাবৃত্তি’র ১৯তম আসর বসে শুক্রবার।

সকালে নগরীর জল্লারপাড় রোডস্থ জামতলা ‘স্টুডেন্টস হোম স্কুল’ ক্যাম্পাসে অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভোর থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সকাল ৯টার পূর্বেই ক্যাম্পাস প্রাঙ্গণ শত শত খুদে শিক্ষার্থীর কলকাকলিতে উৎসবের রূপ নেয়।

আয়োজকরা জানান, এবারের বৃত্তি পরীক্ষায় সিলেট বিভাগের চার জেলার দুই শতাধিকদ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিলেট নগরীর অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর, ওসমানীনগর, গোলাপগঞ্জ, কানাইঘাট, বিশ্বনাথ এবং সুনামগঞ্জের জগন্নাথপুরসহ বিভিন্ন দূর-দূরান্তের উপজেলা থেকে শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

পরীক্ষাকালীন কেন্দ্র পরিদর্শন করে অতিথিবৃন্দ আয়োজনের সার্বিক সুশৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন। পরীক্ষা হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে হল পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বির্চাস ইন্সটিটিউট’-এর পরিচালক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. মোস্তফা শামসুজ্জামান, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর প্রক্টর ও ইংরেজি বিভাগের প্রধান মো. শামসুল কবির, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সভাপতি মো. শামসুদ্দোহা, দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সল আহমদ বাবলু, সিলেট কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

এছাড়াও হল পরিদর্শনে আরও অংশ নেন কারিগরি শিক্ষাবোর্ড আঞ্চলিক কার্যালয় সিলেটের সহকারী পরিদর্শক মো. সেলিম, পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন, আল মদিনা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. মঈন উদ্দীন, মেট্রোসিটি প্রি-ক্যাডেটের অধ্যক্ষ মো. শাহেদ হোসেন এবং মেট্রো সিটি কিন্ডারগার্ডেন স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী।

পরিদর্শন শেষে অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণে স্টুডেন্ট ফাউন্ডেশনের এই ধারাবাহিক ও নান্দনিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা প্রসারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]